
নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে মহাসড়কের বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার এসআই মোহাম্মাদ রোমান।
নিহত মোটরসাইকেল চালক অপু মাঝি (২৬) স্থানীয় কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।
এসআই রোমান বলেন, সকালে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক অপু মাঝি নিহত হয়েছেন।
তিনি বলেন, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। পাশাপাশি হানিফ পরিবহনটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।