
মরদেহ উদ্ধারের সময় মায়ের শাড়ির আঁচল দিয়ে দুই শিশু সন্তানের শরীর বাধা ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
মৃত নারীর নাম নাছিমা বেগম (৩২)। তিনি কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। মৃত দুই ছেলের নাম শাওন (৮) ও সেফাফাত (৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম।
এদিকে মৃত নাসিমার মা খালেদা খাতুন এটিকে হত্যা দাবি করলেও নাসিমার স্বামী আব্দুর রহিম ও শ্বশুর সামসুল হক ঘটনাটি আত্মহত্যা বলে দাবি করছেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
খালেদা খাতুনের দাবি, তার জামাই একজন জুয়াড়ু। জুয়ার টাকার জন্য তার মেয়েকে প্রায়ই অত্যাচার করত। এ কারণে সংসারে অশান্তি লেগেই ছিল।
সফিকুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, লাশ তিনটির হাত শাড়ির আচল দিয়ে বাঁধা ছিল। এতে অনেকেই ধারণা করছেন, এটি হত্যাকাণ্ড। আবার অনেকে বলেছেন, পরিবারের সঙ্গে অভিমান করে হাত বেঁধে নদীতে ঝাঁপ দিয়ে এভাবে আত্মহত্যা করেছেন তারা।
কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান জানান, মঙ্গলবার নাছিমা দুই বাচ্চাসহ মাঠে গরু চরাতে যান। এ সময় নদীর পাশের মাঠে দুই ছেলে খেলছিল। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন। আজ সকালে নদীতে তাদের লাশ ভেসে ওঠে।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গুলফামুল ইসলাম মন্ডল জানান, মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী তার স্বামীর সঙ্গে রাগারাগি করে সন্তানদের নিয়ে নিখোঁজ হন। তাদের পরিবারের লোক আজকে সকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার কিছুক্ষণ পরেই খবর আসে মা ও দুই সন্তানের লাশ পাওয়া গেছে তীরনই নদীতে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।