
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার মান উন্নয়নে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। শিক্ষার মানোন্নয়নে সম্ভব সবকিছুই করা হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি শিক্ষা ব্যবস্থাকে যেখানে রেখে এসেছিল সেখানে আমরা পাইনি। আমরা পেয়েছি অনেক পিছনে। বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দিয়েছিল। সেখান থেকে আমাদের উত্তরণ করতেই হবে। আর এ কারণেই বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন। এ কারণে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষার প্রসারে দেশের ৫০৩ উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হবে।
এইচএসসির সাপ্লিমেন্ট পরীক্ষা নিয়ে মন্ত্রী বলেন, যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য ডিসেম্বরের দুই তারিখ পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফল ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। পরবর্তীতে তারা ভর্তি হতে পারবে।
মন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আর কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। আগামী বছরগুলোতে পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে উপজেলাগুলোতেই উপজেলা লেভেলে প্রশ্নপত্র প্রিন্ট করা হবে। এতে লেখাপড়ার মান উন্নয়ন হবে, কোনো দুর্বলতা, কোনো অসাধুতা থাকবে না। আমাদের গতানুগতিক শিক্ষা থেকে বের হয়ে আসতে হবে। আমরা আর গতানুগতিক ধারায় চলতে পারব না, সেজন্য আমাদের সঠিক পদক্ষেপ নিতে হবে।
৩১ অক্টোবরের মধ্যে প্রাথমিক স্তরের বই উপজেলা শিক্ষা অফিসে পৌঁছে দেওয়া হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক বিদ্যালয়ের বইগুলো ৩০ নভেম্বরের মধ্যে প্রত্যেকটি উপজেলা শিক্ষা অফিসারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ২৪ ডিসেম্বর সারা দেশে একযোগে পরীক্ষার ফলাফল ও উর্ত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া আগামী ২৪ ডিসেম্বর বিদ্যালয়গুলোতে ফলাফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। তাই নিজেদের সেভাবে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। আমরা চাই লেখা পড়ার মান উন্নয়ন। পড়াশোনা মুখস্থ ভিত্তিক হলে চলবে না, হতে হবে জ্ঞান ভিত্তিক। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের তৈরী করতে হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
এছাড়াও বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমদ, রেঞ্জ ডিআইজি জুলফিকার আলী হায়দার, বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষামন্ত্রীসহ অতিথিরা।