নিজস্ব প্রতিবেদক // দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৯৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ১০৭ জন। এর মধ্যে মারা গেছেন মোট ৫০২ জন।
সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৬১৭ জন ডেঙ্গুরোগী। অন্যদিকে, এ পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৭ হাজার ৯৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৬৬ জন।
এছাড়া বিভাগভিত্তিক পরিসংখ্যানে চট্টগ্রাম বিভাগে ২৫১ জন, খুলনা বিভাগে ২০১ জন, বরিশাল বিভাগে ১৮৫ জন, রাজশাহী বিভাগে ১৪৫ জন, রংপুর বিভাগে ৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন এবং সিলেট বিভাগে ১১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।