
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় জমি জমা নিয়ে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে হিন্দু পরিবারের উপর হামলা । হামলায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধের বসতঘরে ব্যাপক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে । থানায় মামলা দায়ের।এ ঘটনায় আসামী মোতাহার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৪ অক্টোবর বুধবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পশ্চিম কেশব কাঠী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, পশ্চিম কেশব কাঠী এলাকার মৃত ধন মনি ডাকুয়ার ছেলে সুকুমার (বেনি) ডাকুয়া (৮০) তার মালিকানাধীন জমি বিক্রি করেন। ওই জমি ক্রয় করেন একই এলাকার মোতাহার হোসেন, পিতা মোছলেম হোসেন। জমি কেনাবেচাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সুকুমার ডাকুয়া ও মোতাহার হোসেনের মধ্যে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে বুধবার রাতে মোতাহার হোসেন, তার ছেলে জসিমসহ ১০-১৫ জনের একটি দল সুকুমার ডাকুয়ার বসতঘরে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ঘরে থাকা ফ্রিজ, আলমারি ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করা হয় বলে জানা গেছে।
ঘটনার সময় সুকুমার ডাকুয়ার ছেলের বউ শিখা ডাকুয়া ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। হামলা ও ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উজিরপুর থানায় অভিযুক্ত মোতাহার হোসেনের বিরুদ্ধে মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে ।