নিজস্ব প্রতিবেদক // মাদারীপুর জেলা শহরের কলেজ রোড এলাকায় দুই নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রোববার সকালে তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মারা যাওয়া দুই জন সম্পর্কে বান্ধবী বলে জানা গেছে। তারা হলো, মাদারীপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার কেএইচ শাকিল আহম্মেদের মেয়ে সাগরিকা আক্তার (২০) এবং তার বান্ধবী ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার মালেক মুন্সির মেয়ে পারুল আক্তার (২৬)।
জানা যায়, এ মাসের শুরুতেই ভাড়া বাসাটিতে ওঠেন সাগরিকা, তার মা পান্না বেগম (৪০), ও মামা বাবু মন্ডল (৩৬)। শনিবার রাতে বাসাটিতে আসেন অপরিচিত আরও ৩-৪ জন নারী। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে হঠাৎ চিৎকার চেচামেচি শুনে তাদের বাসায় ছুটে যান বাড়িটির কেয়ারটেকার হেলাল সরদার।
এসময় ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকাকে। এছাড়া অসুস্থ অবস্থায় পাওয়া যায় সাগরিকার বান্ধবী পারুল (২৬), মা পান্না, মামা বাবু এবং অপরিচিত ডালিয়া বেগম (৪২) ও সাবিনা ইয়াসমিনকে (৪০)। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক পারুলকে মৃত ঘোষণা করেন।
সাগরিকার মামা বলেন, ‘আমার ভাগনি কোথা থেকে মদ নিয়ে এসে আমাকে খাওয়ার জন্য জোরাজুরি করে। পরে বাধ্য হয়ে তার মন রক্ষায় আমিও মদপান করি। পরে আমার আর কিছু মনে নেই। চোখ মেলে দেখি আমি হাসপাতালে। পরে জানতে পারি ওই মদ খেয়ে আমার ভাগ্নি আর ওর বান্ধবী মারা গেছে। আমি এর বেশি জানি না।’
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন মৃধা বলেন, ‘সকালে বাড়িটিতে এসে শুনি মদ খেয়ে দুই মেয়ে মারা গেছে। বাকিরা হাসপাতালে ভর্তি। কিছু দিন আগে এই বাসায় ভাড়া উঠেছে পান্না নামে এক নারী। তারা তিনজন এই বাড়িতে থাকত।’ তিনি আরও বলেন, ‘মাঝে মাঝে কিছু লোকজন আসা-যাওয়া করত এই বাসায়। সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি করি।’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘নেশা জাতীয় কিছু খেয়ে তারা সকলেই অসুস্থ হয়ে পড়ে এবং বিষক্রিয়ায় ঘটনাস্থলে সাগরিকা মারা যায়। অন্য সকলকে হাসপাতালে নেয়ার পর পারুলও মারা যায়।’ওসি আরও বলেন, ‘পহেলা অক্টোবর মা, মেয়ে ও মামা তিন জন ওই বাসায় ভাড়া ওঠেন। শনিবার রাতে বাসায় আসে অপরিচিত আরও ৩ থেকে ৪ জন নারী। পরে ঘটে এই ঘটনা। অপরিচিত সবার খোঁজ মেলেনি। আপাতত তিন জনকে আটক করা আছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








