
‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যে ইসলামী ব্যাংক বরিশাল শাখায় আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর গ্রাহক সেবা মাস (১-৩১ জুলাই) উপলক্ষে বরিশাল শাখার উদ্যোগে খতিব, ইমাম ও আলেম-ওলামাদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে অর্থসহ পবিত্র কুরআন তিলাওয়াত করেন হযরত কালুশাহ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মুনিরুজ্জামান নুরানী। পরে স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বরিশাল শাখার এভিপি ও ম্যানেজার (অপারেশন) মুহাম্মাদ শহীদুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাগরদী বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. জাহিদুল ইসলাম, উত্তমপুর নুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সোহরাব হোসাইন, সরকারি ফজলুল হক কলেজ, চাখারের প্রাক্তন প্রিন্সিপাল প্রফেসর মাওলানা মো. আ. রব এবং নুসরত রহমান ক্যাডেট আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এ. কিউ. এম. আব্দুল হাকিম আল মাদানী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বরিশাল জোনের ইভিপি অ্যান্ড হেড অব জোন মো. সরোয়ার হোসাইন। তিনি বলেন, ইসলামী ব্যাংকিং শুধু আর্থিক লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি ন্যায়, সততা, স্বচ্ছতা ও মানবকল্যাণভিত্তিক একটি জীবনব্যবস্থা প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম। তিনি গ্রাহকদের আরও উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ব্যাংকের চলমান উদ্যোগ তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বরিশাল শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মুহাম্মাদ আবু জাফর খান। তিনি বলেন, সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও কল্যাণমুখী অর্থনীতি গড়ে তুলতে ইমাম, খতিব ও আলেম-ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী ব্যাংক গ্রাহকসেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আলোচনা সভায় অংশগ্রহণকারী ইমাম, খতিব ও আলেম-ওলামারা কুরআন-সুন্নাহভিত্তিক জীবনব্যবস্থা, নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বরিশাল অঞ্চলের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম-ওলামা, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।