
ঢাকার খিলগাঁওয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি মো. ফজলে রাব্বিকে (২৫) বরিশালের হিজলা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)। শনিবার (২১ নভেম্বর) রাতে দিকে উপজেলার শ্রীপুরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফজলে রাব্বি ওই এলাকার স্বপন দেওয়ানের ছেলে।
শনিবার সন্ধ্যায় এসআরবি-৮ এর মিডিয়া অফিসার, সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বরাতে তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে গত ২৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও এলাকার বাসিন্দা কামরুজ্জামান দীপুকে (৩৫) তুলে নিয়ে মারধর ও গুরুতর জখম করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় কামরুজ্জামান দীপুকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জুলাই সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা শামসু উদ্দিন খান বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এসআরবি’র এই কর্মকর্তা জানান, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ, কল ডিটেইলস রেকর্ড পর্যালোচনা এবং গ্রেপ্তার অপর এক অভিযুক্তের জবানবন্দিতে ঘটনার সঙ্গে জড়িত হিসেবে ফজলে রাব্বির নাম উঠে আসে।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে এসআরবি-৮ অধিনায়ক বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৮ বরিশাল সদর কোম্পানি বিশেষ অভিযান পরিচালনা করে ফজলে রাব্বিকে গ্রেপ্তার করে। পরে তাকে হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে।