1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শেরেবাংলার স্মৃতি রক্ষার অপেক্ষায় জন্মভিটা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

শেরেবাংলার স্মৃতি রক্ষার অপেক্ষায় জন্মভিটা

  • প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৩ 0 বার সংবাদি দেখেছে

অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের জন্মের ১৫৩তম বছর পার হলেও এখনো জন্মভিটায় কোনো জাদুঘর নির্মাণ হয়নি। তার জন্ম ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ব্রিটিশ ভারতের বাকেরগঞ্জ জেলার সাতুরিয়া মিয়াবাড়িতে মাতুলালয়ে, যা বর্তমানে ঝালকাঠির রাজাপুর উপজেলার অন্তর্ভুক্ত।

এ বাংলার বাঘ ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি, যিনি একই সময়ে মুসলিম লীগের সভাপতি ও ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুও একসময় ছিলেন যার ব্যক্তিগত সচিব! যিনি ধারাবাহিকভাবে কলকাতার প্রথম মুসলিম মেয়র, অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক (খুলনা ও বরিশাল বিভাগ) মো. মহিদুল ইসলাম জানান, শেরেবাংলার জন্মভিটার ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তি, যা ৫ শতাংশ জমির ওপর অবস্থিত। এটি সংরক্ষণ করার পর সংস্কার করা হয় অনেক আগে। জন্ম ভবনটিতে যারা বাস করে তারা নিজেদের ভূমি বলে দাবি করে। আমরা সেটি খতিয়ে দেখছি, যদি ভূমির মালিক তারা হয়, তবে সরকারের জমি অধিগ্রহণ পদ্ধতি ও প্রক্রিয়া অনুসরণ করা হবে। চলতি অর্থবছরে ভবনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর আঞ্চলিক পরিচালকের উদ্যোগে সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়াধীন আছে; আশা করা হচ্ছে আগামী ডিসেম্বরে সংস্কার ও সংরক্ষণ কাজ শুরু হবে।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মাসউদ ইমরান মান্নু বলেন, প্রত্ননিদর্শন সংরক্ষণ আইন ১৯৭৬-এর ১০ নম্বর ধারা অনুযায়ী কোনো প্রত্নসম্পদের সুরক্ষার ঘোষণা করা হয়। ১২ নম্বর ধারা অনুযায়ী নির্ধারিত হয় এর মালিকানা। একই সঙ্গে ইউনেস্কোর কতগুলো প্রস্তাবিত ধারা এ আইনে যুক্ত হওয়ায় কালচারাল হেরিটেজ ঘোষণা হওয়া মানেই এর পুরোপুরি দায়দায়িত্ব প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও সরকারের। এ কারণে শেরেবাংলার জন্ম ভবনে কেউ মাটি খুঁড়লেও জেল-জরিমানা হবে। ভবনের কেউ কিছু পরিবর্তন করতে পারবে না। অধিদপ্তর কাউকে থাকার অধিকার দিলেও সেখানে কোনো কিছু পরিবর্তন করতে চাইলে অনুমতি লাগবে। অধ্যাপক মান্নু আরও বলেন, শেরেবাংলার জন্ম ভবন এখন পৃথিবীর সবার সম্পদ। যেমনটি শেকসপিয়ার বা কার্ল মার্ক্সের স্মৃতিময় গুরুত্বপূর্ণ সব স্থান কালচারাল হেরিটেজের অংশ।

শেরেবাংলার জন্মগ্রহণের গল্পকে কেন্দ্র করে ওখানে একটি জাদুঘর বানানো উচিত মন্তব্য করে তিনি বলেন, কারণ বাংলাদেশে শেরেবাংলার প্রয়োজনীয়তা কোনোদিন ফুরাবে না। সেখানে সারা দেশ থেকে মানুষ দেখতে যাবে।

প্রসঙ্গত, পৈতৃক বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারে শেরেবাংলা জাদুঘর রয়েছে। অন্যদিকে, ঝালকাঠির রাজাপুরে প্রায় ৩শ বছরের পুরোনো জন্ম ভবনটি এখনো অবহেলিত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ বলেন, ঝালকাঠির রাজাপুরে শেরেবাংলার জন্মভিটা ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ নিদর্শন, যা সংরক্ষিত থাকা খুবই জরুরি।

ইতিহাস গবেষক ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ঝালকাঠি জেলা সেক্রেটারি ইসমাঈল মুসাফির বলেন, কে বা কারা ওখানে থাকছেন, সেটি গুরুত্বপূর্ণ নয়, তাদের দ্রুত পুনর্বাসন করে হলেও শেরেবাংলার জন্ম ভবন রক্ষা করা জরুরি। এত গুরুত্বপূর্ণ একজন জাতীয় নেতা, যাকে বাদ দিয়ে উপমহাদেশের ইতিহাস লেখা যাবে না, অথচ তার জন্ম ভবন রক্ষায় সরকারের বাজেট নেই, লোকবল নেই এটা মানা যায় না। রবীন্দ্রনাথের ক্ষেত্রে সিরাজগঞ্জের শাহজাদপুরসহ তিনটি স্থানকে সংরক্ষণ করা হয়েছে, কবি নজরুলের ক্ষেত্রে করা হয়েছে। এভাবে শেরেবাংলার ক্ষেত্রে করাও খুবই জরুরি।

জাবির প্রত্নতত্ত্ব বিভাগের আরেকজন অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান বলেন, এ ভবনসহ জায়গা সংরক্ষণ করতেই হবে। এগুলো সরকারি ব্যবস্থাপনার ওপর শতভাগ ভরসা করলে হয় না। সংরক্ষণের জন্য প্রথমে এগিয়ে আসতে হয় স্থানীয় মানুষকে। তাদের সচেতন করা গেলে তারাই এগুলো বুক দিয়ে আগলে রাখেন।

জাবির প্রত্নতত্ত্ব বিভাগের আরেক অধ্যাপক সিকদার জুলকারনাইন বলেন, এ ভবনটির সঙ্গে সেই সময়ের রাজনীতি, সমাজ ও সাংস্কৃতিক জীবনের সম্পর্ক জড়িয়ে আছে। সর্বোপরি শেরেবাংলার শৈশবের সবচেয়ে বেশি সময় এ মাতুলালয়ে কেটেছে। তাই আমাদের দাবি থাকবে, পাশের কিছু জমি অধিগ্রহণসহ ভবনটি অথবা তার পাশে দ্রুত শেরেবাংলা স্মৃতি জাদুঘর নির্মাণ করা হোক।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, ‘আমরা রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) আদেশ দিয়েছিলাম দুদিনের মধ্যে সরেজমিন প্রতিবেদন দিতে। সেটি হাতে পেয়েছি, আগামী সপ্তাহের মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ একটি প্রস্তাব দেব, যাতে জমি অধিগ্রহণসহ একটি পরিপূর্ণ জাদুঘর বানানো যায়। এটি ঢাকা-বরিশাল-খুলনা মহাসড়কের পাশে হওয়ায় এর পর্যটন সম্ভাবনাও অনেক।’

১৯৬২ সালের ২৭ এপ্রিল মৃত্যুবরণ করেন ভারতীয় উপমহাদেশের এ মহান নেতা। সর্বোচ্চ মর্যাদায় তাকে সমাহিত করা হয় ঢাকা গেট সংলগ্ন বর্তমান তিন নেতার মাজারে। সর্ব উত্তরে তিনি আর তার দক্ষিণ দিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং সর্ব দক্ষিণে খাজা নাজিমুদ্দিনের কবর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews