
ক্রীড়া ডেস্ক // টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। দ্বিতীয় ওভারেই ভাঙল তাদের উদ্বোধনী জুটি। কট বিহাইন্ড হলেন তানজিদ হাসান।
ম্যাচের প্রথম ওভারে তিন বলের মধ্যে দুই ওয়াইড করেন আজমাতউল্লাহ ওমারজাই। পরের ওভারে ইয়ামিন আহমাদজাই প্রথম দুটি বলেই ওয়াইড দেন।
এক বল পর উইকেটের উল্লাসে মাতেন ইয়ামিন। অফ স্টাম্পের বাইরে পিচ করে সোজা যাওয়া ডেলিভারিতে খোঁচা মেরে কিপার রাহমানউল্লাহ গুরবাজের গ্লাভসে ধরা পড়েন তানজিদ।
৬ বলে ১ রান করেন তানজিদ।
১.২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৬। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী সৌম্য সরকার।
সৌম্য সরকার একাদশে থাকলেও তাঁকে ওপেনিং থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ। পারভেজ হোসেন একাদশে ফিরলেও ওপেনিংয়ে জায়গা পাননি। তানজিদ হাসানের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন সাইফ হাসান। আগের ম্যাচে তিনি খেলেছিলেন মিডল অর্ডারে।
১ ওভারে বাংলাদেশের রান ছিল বিনা উইকেটে ৪।
টস জেতেন তাওহিদ হৃদয়। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।
ত্রিদেশীয় সিরিজে আগের দুই ম্যাচেই টস জিতে আগে ব্যাট করা দল জিতেছে। তবে সেই দুই ম্যাচ হয়েছিল আবু ধাবিতে। এবার লড়াই শারজাহতে।
টস জিতলে ব্যাটিং নিতেন আফগানিস্তানের অধিনায়ক রেহমাত শাহও।
মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে অস্ত্রভাণ্ডারে থাকা রহস্য স্পিনারকে বের করে আনল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হলো আলিস আল ইসলামের। এই সংস্করণে বাংলাদেশের ১৫৫তম ক্রিকেটার তিনি।
সব মিলিয়ে একাদশে পরিবর্তন মোট তিনটি। বাদ পড়েছেন কিপার নুরুল হাসান সোহান, লেগ স্পিনার রিশাদ হোসেন ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। জ্বর সেরে একাদশে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সোহানের জায়গায় কিপিংয়ের দায়িত্বে থাকবেন পারভেজ হোসেন।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাইফ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান মিরাজ, আলিস আল ইসলাম, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ের পরও নিজেদের একাদশে জোড়া পরিবর্তন করেছে আফগানিস্তান। বাইরে রাখা হয়েছে ফাজালহাক ফারুকি ও জিয়াউর রেহমান আকবারিকে। তাঁদের জায়গায় এসেছেন ইয়ামিন আহমাদজাই ও বিলাল সামি।
আফগানিস্তান একাদশ: রাহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আটাল, রেহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি, রাশিদ খান, এএম গাজানফার, ইয়ামিন আহমাদজাই, বিলাল সামি।
পরপর দুই বলে দুটি উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ হাসানের পর ফিরে যান সৌম্য সরকার।
ইয়ামিন আহমাদজাইয়ের অফ স্টাম্পের বাইরের বলটি আপাতদৃষ্টিতে সাদামাটা হলেও আরও বাইরে বেরিয়ে যাচ্ছিল। কাভার ড্রাইভের চেষ্টায় সেটি স্টাম্পে টেনে আনেন সৌম্য।
তিনে নেমে গোল্ডেন ডাকের তেতো অভিজ্ঞতা হয় বাঁহাতি ব্যাটসম্যানের।
ইয়ামিনের হ্যাটট্রিক ঠেকিয়ে দেন নাজমুল হোসেন শান্ত। অফ স্টাম্পের একটু বাইরের ডেলিভারিতে শট খেলার চেষ্টাই করেননি তিনি।
২ ওভারে বাংলাদেশের রান ছিল ২ উইকেটে ৮।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ—৫ ওভারে ২১/২।