
নিজস্ব প্রতিবেদক ।।
শিক্ষাদান, পরীক্ষা গ্রহণ ও ডিগ্রি প্রদান সংক্রান্ত সংবিধি প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকরা। বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।
বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, শিক্ষকদের আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত হয়ে গেছে। প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকরাও দাপ্তরিক কাজ বর্জন করে এই কর্মসূচিতে সংহতি জানিয়েছেন।
হঠাৎ ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা জানান, সেশনজট ও অ্যাকাডেমিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় রয়েছেন তারা। দ্রুত এই সংকটের সমাধান করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
১৬ জেলায় শিক্ষকদের চাঁদা পরিশোধে নতুন নির্দেশনা
আন্দোলনরত শিক্ষকরা জানান, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকদের পদোন্নতি এবং নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। সংবিধি না থাকায় শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব দাবি জানিয়ে আসলেও প্রশাসন কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়েই তারা ‘কমপ্লিট শাটডাউন’ এর মতো কঠোর কর্মসূচির ডাক দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তৌফিক আলম জানান, ইউজিসির নির্দেশনা অনুযায়ী সংবিধি প্রণয়ন না হওয়া পর্যন্ত পদোন্নতি কার্যক্রম স্থগিত থাকবে, তবে অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রাখার সুযোগ রয়েছে। কিন্তু শিক্ষকরা এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন এবং তাদের দাবিতে অনড় রয়েছেন।