1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বর্ষায় পানির নিচে থাকে বিদ্যালয়ের মাঠ, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বর্ষায় পানির নিচে থাকে বিদ্যালয়ের মাঠ, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ১০২ নম্বর পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় তলিয়ে যায়। এতে বিদ্যালয়ে যাতায়াত, খেলাধুলা ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে দুর্ভোগে পড়ে শিক্ষার্থীরা। দীর্ঘ সময় পানি জমে থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের মাঠটি আশপাশের এলাকার তুলনায় নিচু। এর পাশাপাশি পশ্চিম রাজগুরু ও দক্ষিণ ভূতেরদিয়া এলাকার সড়ক নির্মাণের সময় পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা এবং প্রয়োজনীয় স্থানে কালভার্ট না থাকায় বৃষ্টির পানি সহজে সরতে পারে না। ফলে বর্ষা এলেই বিদ্যালয়ের মাঠ ও প্রবেশপথে পানি জমে যায়।

পানি জমে থাকায় অনেক সময় শিক্ষার্থীদের পানির মধ্য দিয়েই বিদ্যালয়ে প্রবেশ করতে হয়। এতে একদিকে যেমন দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, অন্যদিকে দীর্ঘদিন পানি জমে থাকায় পানিবাহিত রোগের ঝুঁকিও তৈরি হচ্ছে। বিদ্যালয়ে প্রবেশের একটি অংশের রাস্তাও বর্ষার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিক্ষার্থীর অভিভাবক মো. কাইয়ুম হোসেন খান বলেন, বিদ্যালয়ের চারপাশে পানি জমে থাকায় সন্তানদের স্কুলে পাঠাতে আমরা উদ্বিগ্ন থাকি। যে কোনো সময় কোনো শিক্ষার্থী পানিতে পড়ে দুর্ঘটনার শিকার হতে পারে। দ্রুত বিদ্যালয়ের মাঠ ভরাট ও পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করা প্রয়োজন।

স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য এর আগে সরকারি বরাদ্দ দেওয়া হয়ে থাকলে তার যথাযথ ব্যবহার হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি বিদ্যালয়ের মাঠ ভরাট, ক্ষতিগ্রস্ত প্রবেশপথে ইটের সলিং, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং প্রয়োজনীয় স্থানে কালভার্ট নির্মাণের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলাম দুলাল বলেন, বর্ষা মৌসুমে মাঠে পানি জমে যাওয়ায় শিক্ষক-শিক্ষার্থী সবাইকে দুর্ভোগ পোহাতে হয়। শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ থাকে এবং বিদ্যালয়ে প্রবেশেও সমস্যা হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত মাঠ ও যাতায়াতের ব্যবস্থা উন্নত করা প্রয়োজন।

বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান স্বপন বলেন, আমি এই উপজেলায় সদ্য যোগদান করেছি। উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করা হবে। পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করে প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিচু মাঠ বর্ষা মৌসুমে জলাবদ্ধ হয়ে পড়ার বিষয়টি আমাদের নজরে রয়েছে।

তিনি আরও বলেন, এরই মধ্যে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ভরাটের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টিও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পানি নিষ্কাশন ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হবে।

বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, বাবুগঞ্জসহ আশপাশের উপজেলাগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানের নিচু মাঠ ভরাটের বিষয়ে এরই মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ রয়েছে। আশা করছি, এ ধরনের সংকট দ্রুত নিরসন হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews